আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের সেনা প্রধান লিস মুহিবী বলেছেন, গতকাল সোমবার (২৪শে অক্টোবর) রাতে এক ভয়াবহ বিস্ফোরণের পর ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ১ শতাধিক ব্যক্তি নিহত এবং অপর ৫০ জন আহত হয়েছে। উক্ত বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতদের পোড়া লাশ হৃদয় বিদারক এক দৃশ্যের সৃষ্টি করে।
এ প্রতিবেদনে বলা হয়েছে যে, সিরতে হতে লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল কর্তৃক মুয়াম্মার গাদ্দাফীকে গ্রেপ্তার ও হত্যার কয়েকদিন পর আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা দানের পর এ বিস্ফোরণ ঘটে।
লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফীর দীর্ঘ ৪২ বছরের শাসনামলের পতন ঘটাতে গত ৮ মাস পূর্বে শুরু হয় এদেশের গণবিপ্লব। অবশেষে গত বৃহস্পতিবার সিরতে শহরে তার জন্মস্থান ও তার সর্বশেষ ঘাটিতে তিনি বিপ্লবীদের হাতে গ্রেপ্তার ও নিহত হন। এনটিসি’র প্রধান মুস্তাফা আব্দুল জলিলের ভাষ্যমতে, এদেশের গণ বিপ্লবে কমপক্ষে ২৫ হাজার লোক নিহত এবং ৫০ হাজার লোক আহত হয়েছে।
উল্লেখ্য, গাদ্দাফী ছিলেন প্রথম আরব স্বৈরশাসক, যিনি মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় গণজাগরণে বিপ্লবী জনতার হাতে নিহত হলেন।#